কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান মারুফের বয়স ১৮ বছর। সে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্নর আলী মাতবর পাড়ার বাসিন্দা মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে এবং পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিল। সকালে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মারুফ সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে সে পুকুরে ডুবে যায়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারুফের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








