মধুখালী (ফরিদপুর) : শুক্রবার বিকেলে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার পরিক্ষেতপুর হ্যাচারির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের তামিম মিয়া ও তাঁর স্ত্রী শিমলা খাতুন। তাঁরা ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন।
সালথা-নগরকান্দা (ফরিদপুর) : একের পর এক পথচারীদের ধাক্কা দেওয়ায় উত্তেজিত জনতার পিটুনিতে হান্নান শেখ নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের দুই হেল্পারকেও পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের মো. শহিদ শেখের ছেলে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আনারসবোঝাই একটি মিনি ট্রাকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় টিপরদীসংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিনি ট্রাকের চালক মোহাম্মদ আলী এবং তাঁর সঙ্গে থাকা ফল ব্যবসায়ী মনির হোসেন।
গাইবান্ধা : সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপালী রানী কর্মকার নামের এক নারী নিহত হয়েছেন।
মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কের পিটিআই এলাকায় বাসের ধাক্কায় কুদ্দুস খান নামের এক কৃষক নিহত হয়েছেন।
পূর্বধলা (নেত্রকোনা) : গতকাল সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলা সদরের বড় ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজির যাত্রী আইনুল হক ও আজিম উদ্দিন।