বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৩৬ টাকা কেজিতে ধান ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরো জানান, ধান-চালের পাশাপাশি ৫০ হাজার টন গমও সংগ্রহ করা হবে। গতকাল বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩ মে থেকে এই ধান, চাল ও গম সংগ্রহ শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সিদ্ধ চালের ক্ষেত্রে প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ক্ষেত্রে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের সংগ্রহ মৌসুমে পাঁচ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার টন, যদিও অভ্যন্তরীণ উৎপাদন ও কৃষকদের অনাগ্রহের কারণে গম সংগ্রহে অতীতে তেমন সাফল্য পাওয়া যায়নি। গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার। সালাউদ্দিন আহমদ বলেন, দেশে মোট খাদ্যশস্যের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ টন।
এর বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন গড়ে ৭০-৭২ লাখ টন। বাকি চাহিদা পূরণে সরকার প্রতিবছর প্রায় আট লাখ টন খাদ্যশস্য আমদানি করে, যা সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তি অথবা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সম্পন্ন করা হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ ১৩ লাখ টন নির্ধারণ করা হয়েছে, যা সব সময় বজায় রাখা বাধ্যতামূলক। বর্তমানে দেশে মোট খাদ্যশস্য মজুদ রয়েছে ১৭ থেকে ১৮ লাখ টন। ভবিষ্যতে খাদ্য মজুদ বাড়িয়ে ২৪ থেকে ২৫ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই লক্ষ্যে চলতি মৌসুমে সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আমদানি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ ও মজুদের লক্ষ্যমাত্রা সমন্বয় করা হবে, যাতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা যায়। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com