বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপির সঙ্গে বোঝাপড়া গভীর করতে চায় সিপিসি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া গভীর করতে চায় চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে এক বৈঠকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝ্যাং বলেছেন, ‘সিপিসি বিএনপির সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।’ আর মির্জা ফখরুল বলেছেন, ‘এক চীন নীতিতে বাংলাদেশের নতুন সরকারের সমর্থন থাকবে।’

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করছে। দেশটির সরকারের আমন্ত্রণে গত রোববার সেখানে গেছেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল।

হান ঝ্যাংয়ের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল বলেন, বিএনপির সঙ্গে সিপিসির এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান।  হান ঝ্যাং বলেন, পারস্পরিক বোঝাপড়া ও গভীর সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চীন ও বাংলাদেশ। দুই দেশের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, অঞ্চল ও পথের উদ্যোগসহ (বিআরআই) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রস্তুত আছে চীন। তিনি বলেন, সিপিসি বিএনপির সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, চীন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। নতুন সরকার ‘এক চীন নীতি’ এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখবে। তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি দুই দল ও দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সিপিসির মন্ত্রীর সঙ্গে বৈঠক
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে বেইজিংয়ে আলাদা বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মির্জা ফখরুল।
সিপিসির কেন্দ্রীয় কমিটির তথ্য বিভাগ জানিয়েছে, লিউ হাইশিং বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চীন ও বাংলাদেশের গভীর ঐতিহ্যগত বন্ধুত্বের কথা উল্লেখ করেন। লিউ হাইশিং বলেন, চীন তার প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশকে সব সময় অগ্রাধিকার দেয় এবং নতুন বাংলাদেশ সরকারকে সুষ্ঠু শাসন পরিচালনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালনে সমর্থন জানায়।

তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মাঝে সম্পর্ক চীন-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময় জোরদার, শাসন ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় এবং ‘পার্টি প্লাস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবধর্মী সহযোগিতা বাড়িয়ে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় চীন, যাতে দুই দেশের জনগণ উপকৃত হয়।

লিউ হাইশিং চীনের কমিউনিস্ট পার্টির দলীয় কাঠামো শক্তিশালীকরণ এবং দেশের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।
মির্জা ফখরুল চীনের পার্টি ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার এবং দীর্ঘদিন ধরে দেওয়া মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
বিএনপির মহাসচিব বলেন, নতুন সরকার চীনের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এক চীন নীতিতে অটল থাকবে। বিআরআইর উদ্যোগে উচ্চমানের সহযোগিতা, বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদারের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে এগিয়ে নেওয়ার আগ্রহ রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com