বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপির মনোনয়ন পেলেন ৩৬ জন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

দলের পক্ষ থেকে জানানো হয়, এবার দলের প্রতি অতীতের আনুগত্য, রাজপথের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্বে থাকা ত্যাগী নারী নেত্রীদের মূল্যায়ন করা হয়েছে। এর বাইরে আরো অনেক নারী নেত্রী রয়েছেন।

তাঁদের সবারই দলের জন্য ত্যাগ আছে। কিন্তু সীমাবদ্ধতা থাকার কারণে তাঁরা এবার দলীয় মনোনয়ন পাননি। ভবিষ্যতে দল তাঁদের বিবেচনায় নেবে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। 

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে ১০ জন আগেও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

একজন মন্ত্রী পরিষদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া এবার দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পর খ্রিস্টান ও ওরাঁও নৃগোষ্ঠীর একজন মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের আরো তিনজন নারীও রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন, এমন তিনজনকে বিএনপি সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী আইনজীবীও রয়েছেন। তাঁদের মধ্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি অন্যতম। তিনি বিগত বিএনপি সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিএনপি নেতার স্বজন রয়েছেন। এর মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।
তবে বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, আত্মীয় পরিচয়ের বাইরেও আলোচিত মনোনয়নপ্রাপ্তদের দলের ও সামাজিক কর্মকাণ্ডে স্বতন্ত্র অবস্থান রয়েছে। এদিকে আজ মঙ্গলবার নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারের কাছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে হলফনামাসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীদের মনোনয়নপত্র জামা দিতে হবে। ৫০টি আসনের মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রাপ্ত ৩৬টি আসনে দলীয় মনোনয়ন পেতে মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন। যাচাই-বাছাই শেষে ৩৬ জন প্রার্থীকে চূড়ান্ত করে বিএনপি। জানতে চাইলে বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দলের এই ৩৬ জন নারী নেত্রীর বাইরেও অনেকের ত্যাগ রয়েছে। সবাইকে তো সুযোগ দিতে পারলে ভালো হতো। যাঁরা এবার দলীয় মনোনয়ন পেয়েছেন, দলের জন্য তাঁদের বিরাট ত্যাগ রয়েছে। অনেক সুন্দর এবং ভালো তালিকা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের নারী নেত্রীরা সংসদে এবং সংসদের বাইরে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন। দলের হয়ে ভালো অবদান রাখবেন প্রত্যাশা করি।’ বিএনপির তালিকায় নাম থাকা ৩৬ প্রার্থীর মধ্যে দু-একজনের বিরুদ্ধে অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছড়ানো হয়েছে। এ বিষয়ে দলের দায়িত্বশীলরা বলেছেন, দলীয়ভাবে যাচাই-বাছাই করেই তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেন, ‘আমরা যাঁদের মনোনয়ন দিয়েছি—বুঝে-শুনেই দিয়েছি। ভুল হলেও সবকিছু জেনে-শুনে দিয়েছি। রাজনীতিতে অনেক কিছু অনেক সময় পরিস্থিতির কারণে করতে হয়। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

বিএনপির মনোনয়ন পেলেন ৩৬ জন

যাঁরা মনোনয়ন পেলেন : বিএনপির মনোনয়নের তালিকায় রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র সহসভাপতি জেবা আমিনা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আওয়ামী লীগ আমলে গুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, দলের সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাবেক নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মানসুরা আক্তার, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. হযরত আলীর মেয়ে ডা. সানসিলা জেবরিন (প্রিয়াংকা), সাবেক ছাত্রনেত্রী সেলিনা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার এবং ইডেন মহিলা কলেজের ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোছা. সানজিদা ইয়াসমিন।  এ ছাড়া আরো মনোনয়ন পেয়েছেন—মোছা. ফরিদা ইয়াসমিন, মোছা. সাবিরা সুলতানা, তৃতীয়মাত্রার জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক, ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক জন গোমেজের স্ত্রী আন্না মিনজ, সুবর্ণা শিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোছা. সুরাইয়া জেরিন, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর কন্যা ও মোবাইল অপারেটর বাংলালিংকের সাবেক ডেপুটি সিইও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। এদিকে গত রবিবার বিএনপির তিনজন প্রার্থী নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। আর গত রবিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। মনোনয়নপত্র নেওয়া ৪৩১ জনের মধ্যে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে রেখেছে, সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের ৩৬টি পাবে বিএনপি জোট। জামায়াত-এনসিপি জোট পাবে ১৩টি আসন। স্বতন্ত্র জোট পাবে একটি আসন। স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমর রুবেল কালের কণ্ঠকে জানান, সুলতানা জেসমিনকে তাঁদের স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। জানা যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতানা জেসমিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com