বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জনগণের বিপক্ষে গেলে সরকার টিকবে না

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গণভোটের ফলাফল বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মিছিল-পূর্ব সমাবেশে দলগুলোর নেতারা জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের জন্য সমালোচনা করে বলেছেন, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার টিকবে না।

সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি সরকারকে সতর্ক করে বলেছেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টেকা যায় না। সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আরও বেশি  ছিল। কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ায় ক্ষমতায় টিকতে পারেনি। গণভোটের রায় মেনে না নিলে আপনারাও টিকতে পারবেন না।
সরকার মব সৃষ্টিতে উস্কানি ও সমর্থন দিচ্ছে অভিযোগ করে এটিএম আজহার বলেন, ওনারা যে সংবিধানের দোহাই দেন, তাতে কী মতপ্রকাশের স্বাধীনতা নেই? তাহলে জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের বাসায় কেন মব সৃষ্টি করা হয়েছে?

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গণতন্ত্রের পরিবর্তে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করেছে। আর মানুষকে তেলের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সকালে সিরিয়ালে দাঁড়ালে বিকেলে বলে তেল নেই। কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন, ‘তেলের সংকট নাই’।

সরকারকে হুঁশিয়ার করে নাসীরুদ্দীন বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন, দলীয়করণ বন্ধ না করলে বাঙ্কারে ঢুকেও রক্ষা পাওয়া যাবে না।
১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, আচরণে মনে হয় না নতুন সরকার গঠিত হয়েছে। হাসিনার সরকারের মতোই গণবিরোধী ভূমিকায় আবির্ভূত হয়েছে।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, জুলাইযোদ্ধাদের রক্তে ক্ষমতায় বসে, জনগণের সঙ্গে গাদ্দারি করে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দিকে ছুটছে সরকার।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইযহার বলেন,  মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হচ্ছে, এখনও আওয়ামী যুগে আছি।

রাশেদ প্রধান বলেন, গ্রামাঞ্চলে ১২ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ভুগছে। কিন্তু কথা বললে হামলা করা হচ্ছে। হুমকি-ধমকি দিয়ে লাভ নেই।
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে  সমাবেশে আরও বক্তৃতা করেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com