ডাসারে অবশেষে স্ত্রীর হাত ধরে ঘরে ফিরেছেন স্বামীর স্বীকৃতির দাবিতে অনশন করা যুবক বিশ্বজিৎ পাত্র। অনশনের চার দিন পর এলাকাবাসীর মধ্যস্থতায় ফের বিয়ে হয় তাঁদের। জানা গেছে, ১০ বছর আগে ডাসারের নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্রের সঙ্গে পাশের বাড়ির অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছর আগে তাঁরা কোর্ট ম্যারেজ করেন।
এরপর স্ত্রীর পড়াশোনার জন্য বিশ্বজিৎ আর্থিক সহায়তাও করেন। তবে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়ার পর অনুশীলা বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ক্ষুব্ধ হয়ে বৈবাহিক স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার থেকে প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিৎ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় মুরব্বি ও দুই পরিবারের সদস্যদের মধ্যস্থতায় ভুল-বোঝাবুঝির অবসান হয়। উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়। স্থানীয় মিহির হালদার বলেন, ‘আমরা চাই, নবদম্পতি সুখে-শান্তিতে থাকুক।’ ওসি মো. তারিকুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে।