বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক-ফুটপাত দখলমুক্তির অভিযান

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গত বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই অভিযানের প্রথম দফা আজ রবিবার শেষ হচ্ছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার পর্যন্ত চার দিনে ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

ডিএমপি জানায়, চার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা রেস্তোরাঁ, গ্যারেজ, আসবাবের দোকান ও ওয়ার্কশপ উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর আটটি ট্রাফিক জোন রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশানে একযোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে ফুটপাত ও মূল সড়কের একটি অংশ দখল করে যাঁরা ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের লক্ষ্য করেই এই অভিযান। ফুটপাতে রান্নার চুলা, গ্রিল বা কাবাব তৈরির সরঞ্জাম, গ্যারেজের পুরনো টায়ার ও যন্ত্রপাতি স্তূপ করে রাখায় পথচারীদের চলাচলে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, তা দূর করাই এই অভিযানের মূল লক্ষ্য।

ডিএমপি ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই কার্যক্রম পরিচালনা করছেন। ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) এবং সিটি করপোরেশনের কর্মীরা সক্রিয়ভাবে অভিযানে অংশ নিচ্ছেন। 

গতকাল শনিবার রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে অন্য রকম দৃশ্য। যে ফুটপাতগুলো কয়েক দিন আগেও হকার ও অবৈধ ব্যবসায়ীদের দখলে ছিল, সেখানে এখন পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন।

এর আগে গুলিস্তানে শত শত অবৈধ দোকানের কারণে পথচারীদের মূল সড়কের মাঝ দিয়েও হাঁটতে দেখা যেত। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকত এবং সৃষ্টি হতো তীব্র যানজট। গতকাল ওই এলাকায় কোনো অবৈধ দোকান ছিল না, ফলে দীর্ঘদিন পর জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে যানজট ছিল কম। যাত্রাবাড়ী থেকে আসা পথচারী শাহাদত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমি গুলিস্তানে প্যান্ট কিনতে এসে দেখি দোকানগুলো নেই। তবে আমার ভালো লাগছে, কারণ অন্যান্য দিন এখানে হাঁটার জায়গা পাওয়া যেত না।
 

গতকাল মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে ফুটপাত দখলকারী ক্ষুদ্র ও বড় দোকানদারদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় অনেক ব্যবসায়ী পুলিশের অভিযানের খবর পেয়ে আগেভাগেই মালপত্র সরিয়ে নেন। ডিসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করছি। তবে জনদুর্ভোগ লাঘবে পুলিশের নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পাঁচ দিনে রাজধানীর কিছু অংশ পরিষ্কার করতে পেরেছি। ভবিষ্যতেও এই অভিযান চলবে। যাঁরা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা খুলে বসেছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।’ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, উচ্ছেদ করা এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে যাতে পুনরায় দখলদারি না ফেরে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com