কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে অটোরিকশার ধাক্কায় মো. রাকিব (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে নীলগঞ্জ রেলস্টেশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাকিব হাজিরগল এলাকার মো. সওদাঘরের ছেলে। সে স্থানীয় নীলগঞ্জ হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি বেপরোয়া গতির অটোরিকশা পেছন থেকে রাকিবকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা পেশায় একজন মেকানিক এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন ভাই-বোনের মধ্যে রাকিব সবার বড় ছিল। অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে পড়াশোনার পাশাপাশি সে মাঝেমধ্যে অটোরিকশা চালিয়ে বাবাকে সহযোগিতা করত।

 

 

দুর্ঘটনার পর ঘাতক অটোরিকশাটি আটক করা হয়েছে। চালকের বাড়ি পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা-এর খরমশি গ্রামে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে; সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।