মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুদ্ধের কেন্দ্রে এখন হরমুজ প্রণালি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল আঘাত হেনেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ১২তম দিনে এ হামলার ঘটনায় থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে আগুন লেগে যায়। ক্রুদের উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ও এ নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে এসব ঘটনা ঘটল। এর জেরে এ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের যাতায়াত কার্যত বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ছে বিশ্ববাজারে। রাতারাতি বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।

গতকাল বুধবার সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ূরী নারি’ নামের বাল্ক ক্যারিয়ার হামলার শিকার হয়। ভিডিও ফুটেজে জাহাজটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

এর আগে আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের কর্মীরা নিরাপদ আছেন। পরে জাহাজটিকে নিরাপদ নোঙরের দিকে নেওয়া হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দুবাইয়ের ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় বাল্ক ক্যারিয়ারও হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, এ পর্যন্ত ১৪টি জাহাজে হামলা হয়েছে। এবিসি নিউজ জানায়, এফবিআই সতর্ক করেছে– যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্যালিফোর্নিয়ায়ও হামলা চালাতে পারে ইরান।

থাই নৌবাহিনীর বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে হামলা হয়। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হয় তাদের জাহাজ। এটি আরব আমিরাতের খলিফা বন্দর থেকে যাত্রা করেছিল।

ইউরোপে বেড়েছে গ্যাসের দাম
হরমুজ প্রণালি বন্ধের এ পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে– এমন আশঙ্কা বেড়ে যাওয়ায় ইউরোপ ও যুক্তরাজ্যে গ্যাসের দাম অনেকটাই বেড়েছে। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন শুরু করেছে– এমন অসমর্থিত প্রতিবেদনের পর বাজারগুলো এ প্রতিক্রিয়া দেখায়।

গতকাল সকালে লেনদেনের সময় ইউরোপীয় গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে; যুক্তরাজ্যে বেড়েছে ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়, মার্কিন বাহিনী জলপথের কাছে মাইন স্থাপনকারী ইরানের ১৬টি জাহাজকে ধ্বংস করেছে। তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশ পরিবহন করা হয়।

দীর্ঘস্থায়ী সংকট ঠেকাতে হরমুজ ফের চালু করতে হবে, বলছেন বিশ্লেষক
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিয়ান বুয়েগার বলেছেন, হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আলজাজিরাকে তিনি বলেন, ‘আমরা ইউরোপে একটি বড় জ্বালানি সরবরাহ সংকটের দিকে তাকিয়ে আছি। পারমাণবিক প্রযুক্তিতে পুনঃবিনিয়োগ নিয়ে ইতোমধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।’ বুয়েগার বলেন, ‘যদি শিগগির উত্তেজনা কমতে না দেখি, তাহলে জ্বালানি ও জাহাজ চলাচলের সংকট সপ্তাহ ও মাস ধরে চলতে থাকবে। কারণ, আজ যদি প্রণালিটি খুলেও দেওয়া হয়, তবুও এর ভেতরে ও আশপাশে যানজট থাকবে।’

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের ব্যাপক হামলা
যুদ্ধের ১২তম দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এটি ইরানের যুদ্ধ শুরুর পর ইরানের ৩৭তম আক্রমণ। বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ হামলা হয়েছে।

গতকাল বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদরদপ্তরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কুয়েতের ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী উপসাগরীয় দেশটিকে লক্ষ্য করে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। গতকাল সকালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি তেলক্ষেত্রের দিকে অগ্রসর হওয়া পাঁচটি ড্রোন ভূপাতিত করেছেন। তারা জানান, তারা পূর্ব প্রদেশে দুটি ড্রোন বাধা ও ধ্বংস করেছেন।

বাহরাইনে মানামার কাছে সিত্রায় ইরানের হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ড্রোন হামলার পর মা’আমিরের একটি স্থাপনায় আগুন লেগেছে। সংযুক্ত আরব আমিরাতও বলেছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে। এতে চারজন আহত হয়েছেন। বোমার ধাতবের আঘাতে ইরাকে আরও একজন নিহত হয়েছেন।

ইরান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত হয়েছেন, বলছে পেন্টাগন
ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এ পর্যন্ত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে গত মঙ্গলবার এ তথ্য জানান। এ যুদ্ধে ইতোমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের এ সংখ্যা আগে কখনও প্রকাশ হয়নি। রয়টার্সের এ প্রতিবেদনের আগে পেন্টাগন কেবল আট সেনার আহতের কথা বলেছিল।

তেল আবিবের কাছে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে। ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর তেল আবিবে বড় আগুনের গোলক সৃষ্টি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে আইআরজিসি। তারা তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি জানায়, টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে এ অভিযান চলে। এতে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বললেন, অন্তহীন যুদ্ধ চায় না ইসরায়েল
আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তাঁর সরকার ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না। কবে যুদ্ধ শেষ করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে। জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘যখন আমরা মনে করব এটি (যুদ্ধ) করার সঠিক সময়, তখন আমরা আমাদের মার্কিন বন্ধুদের সঙ্গে পরামর্শ করব। আমরা অন্তহীন যুদ্ধ চাই না।’

ইরানে ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত, বলছে রেড ক্রিসেন্ট
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সংস্থাটি বলছে, তাদের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, প্রায় ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল ও সাহায্য কেন্দ্র। হামলায় ৭৭টি চিকিৎসা কেন্দ্র ও ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা হয়েছে। আলজাজিরা জানায়, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। সিএনএন জানিয়েছে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দক্ষিণ লেবাননের দুই শহরে ইসরায়েলের বিমান হামলা
আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের হাবুশ ও আল-সাওয়ানা শহর লক্ষ্য করে ইসরায়েলের দুটি বিমান আঘাত হেনেছে। এ ছাড়া অন্য এলাকাগুলোতে হামলা হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৫৭০ জন নিহত ও এক হাজার ৪৪৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার এক দিনে ৮৪ জন নিহত ও ১৩১ জন আহত হন।

ইরানের স্কুলে শিশু শিক্ষার্থীদের হত্যার নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, মিনাব শহরের একটি স্কুলে হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়, যাদের প্রায় সবাই সাত থেকে ১২ বছর বয়সী মেয়ে। মেলোনি ইতালীয় সিনেটকে বলেন, ‘দক্ষিণ ইরানের মিনাবের স্কুলে মেয়েদের গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি চান এ ট্র্যাজেডির জন্য দ্রুত দায়বদ্ধতা নির্ধারণ করা হোক।

যুদ্ধ ‘পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলার আগেই’ বন্ধ করতে হবে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, যুদ্ধ আরও বড় হওয়া ও অঞ্চলটিকে সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে ফেলার আগেই বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এটি যদি অব্যাহত থাকে, তবে আরও প্রাণহানি হবে এবং বিশ্ব অর্থনীতির জন্য ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com