মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে নিহত দুই বাংলাদেশি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সৌদি আরবে গত রোববার একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত এবং ১২ জন আহতের খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে নিহতদের নাম রোববার জানা যায়নি। গতকাল সোমবার জানা গেছে, সেখানে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। তাদের একজন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫) এবং অন্যজন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের সূর্যত আলীর ছেলে মোশাররফ হোসেন (৪০)।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ নিয়ে পাঁচ বাংলাদেশি নিহত হলেন। এ ছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। গত ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতে একটি বেসামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ হারান সিলেটের বড়লেখার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আহমদ আলী সালেহ (৫৫)। পরদিন সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে নিহত হন আরেক বাংলাদেশি মহসিন তারেক (৪৮)। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। এ ছাড়া ৫ মার্চ কুয়েতের সালেমি বিল এলাকায় মরুভূমিতে উট চরানোর সময় অজ্ঞাত বিস্ফোরণে নিহত হন জাহেদ হোসেন (৩৮) নামে আরেক বাংলাদেশি। তাঁর বাড়িও সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।

জানা গেছে, গত রোববার রিয়াদের আল-খারিজ শহরের একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইফতারের আগে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি ঘাঁটির কাছে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছাউনিতে আঘাত হানলে বাচ্চু মিয়া ও মোশাররফ হোসেন নিহত হন। মক্কাপ্রবাসী কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন জানান, নিহত বাচ্চু কটিয়াদীতে থাকতেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সৌদি আরবেও তিনি জামায়াতের স্থানীয় শাখার কর্মী ছিলেন। বাচ্চু মিয়ার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। একই তথ্য জানিয়েছেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার।
কটিয়াদীর ইউএনও শামীমা আফরোজ মারলিজ জানান, বাচ্চু মিয়ার লাশ দ্রুত দেশে ফেরত আনতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।

অন্যদিকে সংসারের স্বচ্ছতা ফেরাতে আট বছর আগে শ্রমিকের কাজে সৌদি আরব গিয়েছিলেন মোশাররফ হোসেন। আল-খারিজ শহরে মার্কিন ঘাঁটির পাশে হামলার শিকার প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। মোশাররফ হোসেনের দুই ছেলে। বড় ছেলে মাহিম সখীপুরের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। নিহতের বাবা সূর্যত আলী বলেন, গত আট বছরে কেবল মোশাররফের বিদেশযাত্রার ঋণ পরিশোধ করা হয়েছে। পরিবারে এখনও সচ্ছলতা ফেরেনি। এখন কী করব, ভেবে পাচ্ছি না।

সোমবার সকালে নিহত মোশাররফের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। নিহতের স্ত্রী জানান, রোববার ইফতারের পর তাঁর স্বামী মোশারফের সঙ্গে শেষ কথা হয়। ঈদে দুই ছেলের পোশাক কিনতে টাকা পাঠাবে বলেছিল। কিন্তু রাত ৩টার দিকে খবর আসে, মোশাররফ আর নেই।

গতকাল সকালে কীর্তনখোলা গ্রামে নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন সখীপুরের ইউএনও আব্দুল্লাহ আল রনী। তিনি জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

আমিরাতে নিহত সালেহর লাশ দেশে, দাফন সম্পন্ন
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে নিহত সিলেটের বড়লেখার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আহমদ আলী সালেহর মরদেহ দেশে এসেছে। গতকাল সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছলে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে। সেখানে আহমদ আলী সালেহর মরদেহ গ্রহণ করে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেল সাড়ে ৩টার দিকে লাশ গাজীটেকা পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যসহ স্বজনের বিলাপ আর আর্তনাদে বাতাস ভারী হয়ে আসে। তখন উপস্থিত সবার মাঝে নেমে আসে শোকের ছায়া। পরে আসরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে লাশ গ্রহণ করে মন্ত্রী আরিফুল হক বলেন, মন্ত্রণালয় থেকে দাফনের জন্য ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক দেওয়া হয়েছে ২০ হাজার টাকা। মঙ্গলবার আরও এক লাখ টাকা মৃতের পরিবারকে দেওয়া হবে। নিহত সালেহর বড় ছেলেকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। এ ছাড়া মৃতের মেজো ছেলের চিকিৎসার জন্য সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান। মৃতের স্ত্রীকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী।

দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সৌদি আরবের আল-খারিজ গভর্নরেটে হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে তাদের খোঁজখবর নিয়েছেন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
(ব্যুরো ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর)

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com