ইরান-মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে স্পর্শকাতর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করায় বেসামরিক মানুষের মৃত্যু ও দুর্ভোগ বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে ইরানের তেলের ডিপো ও পানি শোধনাগারে হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। সৌদি আরবের একটি তেলক্ষেত্রে হামলা হয়েছে। ইরানের একটি পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলার পর ৩০টির বেশি গ্রামে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সর্বশেষ গতকাল সোমবার বাহরাইনে তেল শোধনাগারে হামলা হয়।
হামলা-পাল্টা হামলায় কার্যত ভোগান্তিতে পড়েছেন ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধক্ষেত্রের মধ্যে থাকা মানুষ। তারা বাইরে বের হতে পারছেন না। এ অবস্থায় পানি ও নিত্যপণ্যের সংকট তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। ইরানে অনেক স্থানে স্কুল-বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি অফিসে কার্যক্রম বন্ধ রয়েছে। ইসরায়েলে বাঙ্কারে রাত পার করছেন বাসিন্দারা। ইরানের পাশাপাশি লেবাননে ইসরায়েলের বোমায় বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যু ক্রমেই বাড়ছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। হতাহত হচ্ছে নির্দোষ শিশুরাও।
মধ্যপ্রাচ্যের নানা দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগের মধ্যে দিন পার করছেন। এরই মধ্যে যুদ্ধে প্রাণ গেছে পাঁচজনের। বিবিসি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো উৎপাদন কমিয়ে দেওয়ায় অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিভিন্ন দেশের ভোক্তাদের ওপর।
গতকাল সোমবার যুদ্ধের দশম দিনে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে ইসরায়েলেও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরান। গতকাল ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এতে ইসরায়েলের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা অন্তত একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন।
ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, নির্মাণকাজ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শরীরে বিস্ফোরকের ধাতব টুকরো আঘাত হেনেছে।
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছেন না। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এটি দেশটির প্রধান তেল শোধনাগার। বাহরাইন নিউজ জানায়, ইরানের ড্রোন হামলায় বাহরাইনে আরও ৩২ জন আহত হয়েছেন।
বিবিসি জানায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তবে ঘটনাটি যুদ্ধ সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ড্রোন দেশটির একটি বৃহত্তম তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মরু এলাকায় ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়। তুরস্ক একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ড্রোনটি ধ্বংস করা হয়। কাতার দাবি করেছে, তারা ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এগুলো ইরান থেকে ছোড়া হয়েছিল।
গতকাল ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়। সিএনএন জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বড় বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। রয়টার্সের ভিডিওতে শহরটির দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। পৃথক ভিডিওতে দেখা যায়, বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত
চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। চীনের এ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। ঝাই জুন তাঁর দেশকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। বিবিসি জানায়, সফরকালে তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।
ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়– এমন লক্ষ্যবস্তুতে যে কোনো হামলার নিন্দা করা উচিত। চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।
লোহিত সাগরে দুটি ফ্রিগেট পাঠাবে ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর মিশনের অংশ হিসেবে লোহিত সাগরে ফ্রান্স দুটি ফ্রিগেট পাঠাবে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে বৈঠকের পর মাখোঁ এ ঘোষণা দেন।
অর্থনীতির ওপর জ্বালানির দামের প্রভাব নিয়ে উদ্বিগ্ন জার্মানি
যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি সম্পর্কে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস বলেছেন, ‘আমরা জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন। গতকাল আলজাজিরার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি জার্মান অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব ফেলতে পারে।’ গত সপ্তাহে মার্ৎস হোয়াইট হাউসে সফরের সময় ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতি সমর্থন জানান। তবে তিনি বলেন, তাঁর আশা– শিগগিরই এ যুদ্ধ শেষ হবে। এটা বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ যাতায়াত করছে না
আলজাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ যাতায়াত করছে না। তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুপস্থিতি, যা উপসাগর থেকে তেল ও গ্যাস বহনকারী ট্যাঙ্কারের একমাত্র রুট।
ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। গত রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প বলেন, এ বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে। সঠিক সময়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে কিনা– এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।’
ইরাকে দুটি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা
রয়টার্স জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করে ড্রোন ও রকেট হামলা হয়। পুলিশ সূত্র বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেট ও ড্রোন প্রতিরোধ করে, ধ্বংস করে।
ইরানের হামলায় আহত আরেক মার্কিন সেনার মৃত্যু
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত আরেক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর এ যুদ্ধ শুরু হয়। এ নিয়ে মোট সাত মার্কিন সেনার মৃত্যু হয়েছে।
যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, অর্থনৈতিক প্রভাব তত বেশি হবে, বলছেন স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সাধারণ মানুষ ও ব্যবসার ওপর যুদ্ধে অর্থনৈতিক প্রভাব কমাতে যৌথভাবে কী করা যেতে পারে, তা নিয়ে যুক্তরাজ্য অন্যান্য দেশের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, ‘এটি যত দীর্ঘায়িত হবে, অর্থনীতির ওপর প্রভাব তত বেশি হবে। প্রত্যেকের জীবন, পরিবার ও প্রতিটি ব্যবসার ওপর প্রভাব পড়বে।’ দ্য টেলিগ্রাফ জানায়, স্টারমার মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাজ করছেন। তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।
তুরস্কের দিকে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রে ন্যাটোর পরীক্ষা
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাল ন্যাটো। কর্মকর্তারা বলেছেন, ন্যাটোর প্রতিরোধ ব্যবস্থা ‘তুরস্কের দিকে অগ্রসর হওয়া’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করেছে। এ সময় গোলাবারুদের টুকরো তুরস্কের দক্ষিণ-মধ্য অংশে গাজিয়ানটেপের কাছে খালি মাঠে পড়ে ছিল। ন্যাটোর এক মুখপাত্র বলেন, জোট তার সব সদস্যকে রক্ষার জন্য ‘প্রস্তুত’।
যুক্তরাজ্যের ঘাঁটিতে আঘাত হানা ড্রোনটি আসে লেবানন বা ইরাক থেকে
গত সপ্তাহে আরএএফ আক্রোটিরিতে আঘাত হানা ড্রোনটি ইরান থেকে আসেনি। এটি লেবানন বা ইরাক থেকে ছোড়া হয়েছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেলির উদ্ধৃতি দিয়ে গতকাল বিবিসি এ খবর জানিয়েছে। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ড্রোনটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি করেছে। এটি ইরান থেকে উৎক্ষেপণ করা হয়নি। তবে এটি কোথা থেকে এসেছে, সেটিও বলা হয়নি।