বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক বাতির বন্ধ করে ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা বাড়িয়ে দেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫.১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রায় নিলে বিদ্যুৎ খরচ কম হয়।’ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও সেখানে এমনটি করতে বলেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর উল্লেখ করে আতিকুর বলেন, এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিং মল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবার প্রতি পরামর্শ রেখেছেন।
আতিকুর জানান, আজকের ক্যাবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে তাঁকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আরো কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী পরামর্শ দেন।
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত : দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন তিনি। গতকাল এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে শুক্রবার (আজ) কূটনীতিকদের সম্মানে এবং শনিবার এতিম-আলেম-উলামা-মাশায়েখ সম্মানে ইফতার আয়োজন করছেন যমুনায়।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর রাজনীবিদদের সম্মানে আগামী ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।
প্রতিবছর রাাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন হয়ে থাকে।
প্রধানমন্ত্রীর প্রটোকলে বিমানবন্দরে থাকবেন চারজন : প্রধানমন্ত্রী সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় প্রটোকলে বিমানবন্দরে চারজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ। গতকাল সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন।