নোয়াখালীতে লরিচাপায় ব্যবসায়ীর মৃত্যু : নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর কবিরহাটে গতকাল সকালে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক সার ব্যবসায়ীর প্রাণহানি ঘটেছে। এতে তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। গতকাল সকাল পৌনে ১১টায় সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রামে লরিচালকের মৃত্যু : চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০) নামে এক লরিচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
ঘাটাইলে শিশু নিহত : ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক বছর বয়সী আয়মান সাদিক নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আয়মান লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুণ্টি গ্রামের রিপন মিয়ার ছেলে।
কেশবপুরে গার্মেন্টস ব্যবসায়ী নিহত : কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে গার্মেন্টস ব্যবসায়ী আব্দুস সালাম (৩৫) নিহত হয়েছেন। ওই সময় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হয়।
সাভারে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু : সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ট্রাকচাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান শেখ।
বাবা-ছেলে নিহত : শেরপুর প্রতিনিধি জানান, মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ প্রান্তের পুলিশ চেকপোস্টের সামনে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচরের আইয়ুব আলীর ছেলে ব্যবসায়ী দেলোয়ার মিয়া (৫০) ও তাঁর ছেলে ইশতিয়াক আহমেদ বাবু মিয়া (২৩)।
সিরাজগঞ্জে নছিমনচাপায় শিশুর মৃত্যু : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু। গতকাল সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।