জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা খলিলুর রহমান বিএনপি সরকারে যোগ দিলে তাঁর অন্তর্বর্তী সরকারে থাকাকালীন ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। এটি প্রমাণ করবে, খলিলুর রহমান আগে থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে এনসিপির আসন কমে যাওয়া এবং সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াকে পরিকল্পিত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দল দুই-তৃতীয়াংশ আসন দখল করে নিয়েছে, যাতে সংবিধান সংস্কার না হয়। পুরো বিষয়টিই একটি বড় ইঞ্জিনিয়ারিং।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের মাধ্যমে যে ‘হ্যাঁ’ সূচক রায় এসেছে, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সরকার গঠনের প্রথম দিনেই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের কাছ থেকে দেশ ও জাতি কী আশা করবে, তা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, তারা একটি আইনি ও সাংবিধানিক জটিলতাও সৃষ্টি করেছে। জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্ট লেখা ছিল, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু তারা তা না মেনে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।