বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এমপিরা দুটি শপথ নেবেন মানতে হবে জুলাই সনদ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটে হ্যাঁ ৬৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। প্রথমে তারা এমপি হিসেবে শপথ নেবেন। পরে তারা ১৮০ কার্যদিবস মেয়াদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। আদেশে বলা হয়েছে, সংবিধান সংস্কার করতে হবে পরিষদকে।
বিএনপি আগের মতোই জানিয়েছে, নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হওয়ায় জামায়াত জুলাই সনদকে জনগণের ম্যান্ডেট বলছে। একে সম্মান করতে সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সমকালকে বলেছেন, গণভোটের ফলাফল মানা সবার জন্যই বাধ্যতামূলক। জনগণ যেভাবে চেয়েছে, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে
গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক কিনা- প্রশ্নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আইনগত বিবেচনার চেয়েও রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা রয়েছে। গণভোটে জনরায় হয়েছে, আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর সমন্বয় করতে হবে। সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিকদের।
গতকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাবেক ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এ অভিমত জানান। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গঠন করতে যাওয়া বিএনপির আইনি বাধ্যবাধকতা আছে কিনা– প্রশ্নের আলী রীয়াজ বলেন, সার্বভৌম জনগণের অভিপ্রায় হিসেবে এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে বিএনপিসহ সব রাজনৈতিক দলেরই এ বিষয়ে নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা আছে।

গত ১৩ নভেম্বর জারি করা আদেশে বলা হয়েছিল, গণভোটে হ্যাঁ জয়ী হলে জুলাই সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণক, ন্যায়পাল এবং দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ আসনের সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন নিতে হবে।
এ-সংক্রান্ত আটটি সংস্কার প্রস্তাবের সাতটিতে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। আদেশ অনুযায়ী, নোট অব ডিসেন্ট থাকলেও, গণভোটের ফলাফল অনুযায়ী এই আট সংস্কার বাস্তবায়ন করতে হবে। চলতি সংসদেই গঠিত হবে উচ্চকক্ষ।

দুটি শপথ নিতে হবে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে ফলাফল বাস্তবায়নে নবনির্বাচিত এমপিরা সংসদের শপথ নেওয়ার মতো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। বিএনপি পরিষদ গঠনের বিরোধী ছিল। তারা আদৌ পরিষদ গঠন করবে কিনা–এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি।
আলী রীয়াজ সংবাদ সম্মেলনে আরও বলেন, গণভোটে যে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতেই জনরায় এসেছে। বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আশা করা যায়, দেশ পরিচালনা ও সংবিধান সংস্কারের ক্ষেত্রে দলটি জনগণের এই প্রত্যাশা বিবেচনায় নেবে।
আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারের যে প্রস্তাব, তা গণভোটে জনগণ সরাসরি অনুমোদন করেছে। একে সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উচ্চকক্ষ গঠনের কথা থাকায়, তা ১৮০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সবার প্রতি আহ্বান হচ্ছে, আলাপ-আলোচনার মাধ্যম ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

বিএনপি গণভোট মানবে–আশা
আলী রীয়াজ বলেন, বিএনপি ইশতেহারে বলেছে, তারা ভোটের নয়, আসনের অনুপাতে উচ্চকক্ষ চায়। একই কথা তারা ঐকমত্য কমিশনের সংলাপেও বলেছিল। বিএনপি গণভোটের রায় মানবে আশা করে আলী রীয়াজ বলেন, ১৯৯১ সালের নির্বাচনে যদিও বিএনপি সংসদীয় ব্যবস্থার কথা বলেনি; কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও জনআকাঙ্ক্ষার কারণে তা মেনে নেয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার সে বিষয়ে গণভোটে  জনসম্মতি নিয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রেস সচিব শফিকুল আলম।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com