জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে। আর কেউ সীমান্তে জনগণকে হত্যার সাহস পাবে না। একটি গুলি চালালে পাল্টা দুটি গুলি চালানো হবে। এক মাসের মধ্যে হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।
গতকাল সোমবার পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান এখন কৃষকদের কার্ড দিতে চান, অথচ বিএনপি ক্ষমতায় থাকতে ন্যায্যমূল্যে সার ও বিদ্যুৎ চাওয়ার কারণে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৭ মাসে তাদের কর্মকাণ্ড দেখে জনগণ সিদ্ধান্ত নিয়েছে– কাকে ভোট দিতে হবে। দিনাজপুর-৫ আসনে তিনি জোট প্রার্থী ডা. আ. আহাদকে ভোট দেওয়ার আহ্বান জানান।