বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ‘হৃদ্যতাপূর্ণ’ বৈঠক

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার জামায়াতের আমিরের কার্যালয়ে শফিকুর রহমানের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলার পৃথকভাবে দেখা করেন। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে এসব তথ্য জানানো হয়।

একটি পোস্টে বলা হয়, সকাল আটটায় শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কনসোলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ।

পোস্টে বলা হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর বসুন্ধরায়, ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর বসুন্ধরায়, ২৯ জানুয়ারি ২০২৬ছবি: জামায়াতের ফেসবুক পেজ

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

পৃথক এক ফেসবুক পোস্টে জায়ায়াত জানায়, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সকাল সাড়ে নয়টায় জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

পোস্টে বলা হয়, মতবিনিময়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বৈঠকেও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com