ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। একইদিনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলন করে হেলালুজ্জামান তালুকদার বলেন, খালেদা জিয়া এ আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইললাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কে এম খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ও প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হলেও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় তারা ভেতরে যাননি। মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন। আজ (রবিবার) তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়ার মানুষ অপেক্ষা করছে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য।
“