গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীর’ শীর্ষক আলোচনাসভায় আলোচকরা এসব কথা বলেন। দেশের সংস্কৃতি অঙ্গনের শীর্ষ সাংবাদিক সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) ৩০ বছর পূর্তি ও ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। কিন্তু বর্তমান শিক্ষা কেবল চাকরিপ্রার্থী তৈরি করছে, আলোকিত মানুষ নয়।
হাসান হাফিজ বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতি বলতে গান-বাজনা, হারমোনিয়াম, তবলা এগুলো বোঝায়, কী মর্মান্তিক! আমাদের সংস্কৃতির মধ্যে সবকিছুই আছে।
দেশের সাংস্কৃতিক বিকাশে বিনোদন সাংবাদিকদের অবদানের কথা জানিয়ে তিনি বলেন, তাঁরা রাজনীতির বিট, অপরাধের বিটের থেকেও মূল্যবান। এ কারণে যে একটা সংগীত সব মানুষের কাছে পৌঁছে যায়। শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে একটা গ্রাফিতি মানুষকে অনেকখানি মেসেজ দেয়। একটা কবিতা একটা চিত্রকলা অনেকখানি কিন্তু মেসেজ দিতে পারে। তিনি আকাশ সংস্কৃতির নামে ছড়ানো সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সাংবাদিকদের কলম শক্ত রাখার আহ্বান জানান।
রেজাউদ্দিন স্টালিন ঔপনিবেশিক মানসিকতা দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে বলেন, পাশের দেশের সংস্কৃতি অনুসরণ করাই ভালো ভাববার প্রবণতা ভুল। নিজেদের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরতে হবে এবং লালন, নজরুল, রবীন্দ্রনাথসহ শ্রেষ্ঠ স্রষ্টাদের যথাযথ মর্যাদা দিতে হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইস এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা বেগমসহ সাংস্কৃতিক সাংবাদিক ও কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরএর সভাপতি অভি চৌধুরী।