গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ অনাহারে দিন পার করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘গাজায় অপুষ্টি বেড়েই চলেছে। ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার।’চলতি সপ্তাহে গাজায় অনাহারের সতর্কতা আরো জোরদার হয়েছে।
গতকাল শনিবার গাজায় অপুষ্টিতে ভুগে সাত দিনের একটি শিশু মারা গেছে। গাজা সিটির আল-আহলি হাসপাতালের একটি সূত্র এ কথা জানিয়েছে। সূত্রটি জানায়, দুধের অভাবে শিশুটি মারা গেছে। এর আগে গত শুক্রবার অপুষ্টিতে ভোগা ৯ জন ফিলিস্তিনি মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজায় অপুষ্টিতে ভুগে এ পর্যন্ত ৮০ জন শিশুসহ ১২০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।এদিকে গাজার সব সরবরাহ প্রবেশ পথের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলেছে, ‘সাহায্য নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধি-নিষেধ নেই। অপুষ্টির জন্য হামাস দায়ী।’ গত শুক্রবার ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি আগামী কয়েক দিনের মধ্যে দেওয়া হতে পারে।
’ তবে এভাবে সাহায্য দেওয়াকে যথেষ্ট নয় বলে সাহায্য সংস্থাগুলো আগেই সতর্ক করেছিল। স্থানীয় গণমাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এবার এভাবে সাহায্য দিতে পারে। জর্ডানের একজন কর্মকর্তা অবশ্য বলেছেন, তাঁরা এখনো ইসরায়েলের কাছ থেকে অনুমতি পায়নি।এ উদ্যোগ এমন সময় নেওয়া হলো, যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। গত শুক্রবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য অবিলম্বে সব বিধি-নিষেধ প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
এক যুক্ত বিবৃতিতে তারা অবিলম্বে যুদ্ধ ও মানবিক বিপর্যয় অবসানের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ‘ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। বেসামরিক জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াটা অগ্রহণযোগ্য।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের মধ্যে যে পরিমাণ মতভিন্নতা, উদাসীনতা ও নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, সহানুভূতি, সত্যতা ও মানবিকতার অভাব, তার মাত্রা আমি ব্যাখ্যা করতে পারব না।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘২৭ মে থেকে খাদ্য পাওয়ার জন্য চেষ্টা করার সময় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের নেতৃত্বাধীন খাদ্য বিতরণ ব্যবস্থার বিকল্প হিসেবে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) খাদ্য বিতরণ করতে শুরু করে, তখন থেকে এসব ঘটছে।’
ত্রাণপ্রত্যাশীসহ আরো ৩০ ফিলিস্তিনি নিহত : গাজায় গতকাল শনিবার ইসরায়েলের হামলায় ১৪ জন ত্রাণপ্রত্যাশীসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র এ কথা জানিয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা