শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক।নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা মোকাবিলার জন্য আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে জানিয়ে মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আগে থেকে রেলওয়ে ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা আলাদাভাবে নিয়োজিত থাকবেন।
তিনি বলেন, ইতোমধ্যে ২৫০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যরা এক হাজারটি সেকশনে ভাগ হয়ে গত ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। উপকূলের ১৩টি উপজেলা বাদে সব উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার ৮৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।
‘কেপিআই স্থাপনায় আমাদের যে নিরাপত্তা ছিল সেটি মোতায়েন থাকবে। রেলের নিরাপত্তায় ১৫ হাজার ৭০০ জন সদস্য কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে যারা যে দায়িত্ব পালন করছেন, তারা নির্বাচনী দায়িত্বের বাইরে’, যোগ করেন মেজর জেনারেল একেএম আমিনুল হক।